বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Reporter 12
- 01 Nov, 2026
নিজস্ব প্রতিবেদক | দৈনিক জীবন বাংলা নিউজ
বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় আয়োজিত এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই তীরে লাখো মানুষের ঢল নামে। রং-বেরঙের সুসজ্জিত নৌকায় আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
উজিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলা দেখতে নদীর দুই পাড়ে বিভিন্ন বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক আনন্দঘন উৎসবের আমেজ। এছাড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কটি বর্ণিল সাজে সাজানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, "যুগে যুগে নৌকা বাইচ গ্রামীণ জনপদে উৎসবের আমেজ বয়ে এনেছে। এটি কেবল একটি সাধারণ খেলা বা বিনোদন নয়; বরং হাজার বছরের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।"
বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসী এবং বেসরকারি সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব গোমস্তা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ী ও সাধারণ সম্পাদক মো. শাহাদুত সরদার কমরেডসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।
দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম, একাধিক অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের একটি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।
প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে ৩০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারী দলকে ২০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বেসরকারি সংস্থা আভাসের সহযোগিতায় আয়োজিত এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাসহ সংশ্লিষ্ট সকল আয়োজককে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
সংবাদদাতা: মিল্লাত হাওলাদার, সাতলা প্রতিনিধি, উজিরপুর, বরিশাল।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






